অধিকারহারা মানুষের পাশে সব সময়ই ছিলেন বেগম জিয়া : তানভীর হুদা

মতলব উত্তরে খতমে কুরআন ও দোয়া মাহফিল

শেখ ওমর ফারুক :

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বেগম খালেদা জিয়া একটি বিশ্বাস ও আস্থার নাম।তিনি বাংলাদেশের মানুষের আশা এবং জাতীয় ঐক্যের প্রতীক।

তিনি বলেন, দেশের মানুষ যখনই অধিকার বঞ্চিত হয়েছেন, তখনই বেগম জিয়া অধিকারহারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন এবং রাজপথে ছিলেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে বাংলাদেশ প্রবল অস্থিরতা থেকে যখন মুক্ত হয়, তখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রতীক হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। 

তানভীর হুদা আরও বলেন, বিদেশি ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তিনি ধৈর্য ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম কবির দুলাল মাস্টার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের  সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম। দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা খতমে কুরআন সম্পন্ন করেন।

শেয়ার করুন