চাঁদপুরে পুরনো খেজুরে তেল মিশিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের পুরাণবাজারে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে চাঁদপুরের পুরাণবাজার এলাকার আড়তপট্টি, আমপট্টি, মসজিদপট্টি, বাতাসাপট্টি ও ডালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পুরাতন খেজুরে তেল মিশিয়ে বিক্রি করা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে খেজুর প্যাকেটজাত করার অপরাধে কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এ সময় নষ্ট ও পচা খেজুর এবং অনুমোদনবিহীন বিদেশি ব্র্যান্ডের প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন