পরিবারসহ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত
স্টাফ রিপোর্টার :
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গতকাল রোববার দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপস্থিত পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শুনে এবং নথিপত্র পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন—ড. মো. জালাল উদ্দিন, শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসিনীমা তানিভী।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন, এতে করে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে জনস্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
দুদকের আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে।
আদালতের আদেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের বর্তমান অবস্থান সম্পর্কে অনুসন্ধানকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।











