ফরিদগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূ শাহনাজের মৃত্যু, অভিযুক্ত নারীর ঘরে আগুন
শাকিল হাসান, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমের ঘরে লুটপাট শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে শাহনাজ বেগমের গায়ে আগুন দেয় দুবৃত্তরা। স্থানীয়দের ধারনা সুদের লেনদেনকে কেন্দ্র করে নাসিমা বেগম ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পুলিশ ইতোমধ্যে নাসিমাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তিনি কারাগারে রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মৃত্যু হয় শাহনাজের। খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাসী। তারা নাসিমার ঘরে লুটপাট চালায়। একপর্যায়ে তারা ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।











