ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগে মো. রাজু পাটওয়ারী (৩৫) নামে বিএনপি প্রার্থীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক সন্ত্রাসী প্রকৃতির।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি ফরিদগঞ্জ বাজার এলাকায় অটোরিকশাযোগে মাইক ব্যবহার করে সংসদ সদস্য পদপ্রার্থী এম এ হান্নানের চিংড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে রাজু পাটওয়ারী মাইক ও অটোরিকশা ভাঙচুর করেন। একই দিন তিনি আরও ২-৩ জন সহযোগীসহ চিংড়ি প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সংসদ সদস্য প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে রাজু পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।











