মতলবের শাহপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মতলব প্রতিনিধি :
চাঁদা না দেওয়ায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর গ্রামে প্রবাসীর স্ত্রী সহ দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের গুল মোহাম্মদ প্রধানীয়া বাড়ির বাসিন্দা প্রবাসী মো. কামালের স্ত্রী কুলসুমা বেগম শাহপুর বাজার থেকে রড, সিমেন্ট ও বালু কিনে বাড়িতে ফেরার পথে আরজু প্রধান (গ্যাংরা) তার কাছে চাঁদা দাবি করেন। কুলসুমা বেগম অপারগতা প্রকাশ করলে আরজু প্রধানসহ হারুন মিয়া, সৌরভ ও রিফাত গ্যাংরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে কুলসুমা বেগম ও অলিউল্লাহকে মারধর করে।
এ সময় অলিউল্লাহর কাছ থেকে নগদ টাকা এবং কুলসুমা বেগমের কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের একপর্যায়ে কুলসুমা বেগম শ্লীলতাহানির শিকার হন বলেও অভিযোগে দাবি করা হয়।
এ ঘটনায় কুলসুমা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার এসআই জীবন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।











