মতলবে জনদুর্ভোগ লাঘবে পৌর প্রশাসকের উদ্যোগে কাঠের সংযোগ সেতু নির্মাণ

মোশারফ হোসেন তালুকদার :

মতলব পৌর এলাকায় জনসাধারনের চলাচল সহজ করতে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের কার্যক্রম চলছে ধারাবাহিকভাবে। জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে তিনি ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ দুইটি কাঠের সংযোগ সেতু নির্মাণ।

জানা যায়, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের যোগাযোগ সুবিধা বাড়াতে নিউ হোস্টেল জামে মসজিদের পাশ ঘেঁষে একটি কাঠের সেতু প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিন ভোগান্তির শিকার হওয়া এলাকাবাসীর কথা বিবেচনা করেই প্রশাসক এই উদ্যোগ নেন। একইসঙ্গে বারঠালিয়া এলাকায় আরেকটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, যা ওই অঞ্চলের বহুদিনের দুর্দশা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার ফেরদৌস আহমেদ ও বিএনপি নেতা মোজাম্মেল হক খোকন। এসব সেতু নির্মিত হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতোমধ্যে স্বস্তি ফিরে এসেছে । তারা পৌর প্রশাসক আমজাদ হোসেনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন