চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন
কামরুল ইসলাম পাটওয়ারী :
আজ ১৮ ই জুলাই রোজ শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাব ভবনের তিনতলায় চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে দিনব্যাপী ‘চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার এবং আগত মাঠ পর্যায়ের সাংবাদিক সহ ১৫২ জন চক্ষু চিকিৎসা গ্রহণ করেন এবং ১৪৮ জন সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।চাঁদপুর প্রেস ক্লাবের এ উদ্যোগকে সেবাগ্রহীতা ও সচেতন মহল সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।











