চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিক প্রো-ভিসি অধ্যাপক লোকমান চাঁদপুরে যোগদান


  • নিজস্ব প্রতিনিধি :
    চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। দু’জনই আজ বৃহস্পতিবার ( ২৩ জুলাই) কর্মস্থলে যোগদান করেন। বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবাগত ভিসির পৈতৃক বাড়ি চাঁদপুরের কচুয়ায় এবং প্রো-ভিসির বাড়ি জোলার হাইমচর উপজেলায়।
    এর আগে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন ২২ জুলাই বুধবার ২০২৬ তারিখে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
    প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমান-কে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হয় । তিনি এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভিসি।
    অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন-কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। যিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন প্রো- ভিসি হিসাবে যোগদান করলেন। এদিকে বর্তমান ভিসি অধ্যাপক ড. পিয়ার আহমেদ তার আগের কর্মসংস্থল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগে তার আগের পদে যোগদান করার কথা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন জানান।
    এদিকে নবাগত ভিসি ও প্রো- ভিসির নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁদের অবসরের তারিখ,যেটি আগে হবে সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
    এতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তাঁরা বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
    একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
    এদিকে রেজিস্ট্রার আল মামুন জানান, আজকের যোগদান করার পর তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরন করে নেন।
    উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত হলেও নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে গিয়ে ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতি জটিলতার কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে জেলা শহরের বাবুরহাট এলাকার ওয়াপদা গেটে একটি ভাড়া বাড়িতে। এখনো ঐ স্থানেই এর তিনটি ডিপার্টমপন্টের ৫ টি ব্যাচের শিক্ষার্থী নিয়ে শ্রেনি কার্যসহ সকল প্রশাসনি কাজ চলছে।

শেয়ার করুন