ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের স্থিতাবস্থা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও পাকা ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ সুরমা বেগম (৩৫) বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানাধীন উত্তর সাহেবগঞ্জ (ফজল বেপারী বাড়ী) এলাকার বাসিন্দা মোসাঃ সুরমা বেগমের সাথে একই এলাকার বাসিন্দা মোঃ মমিন হোসেন (৩০) ও মোঃ মাসুদ (৩২)-এর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। বর্ণিত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি বণ্টন মামলা (নং- ২৪৪৫/২৬) চলমান রয়েছে, যাতে আদালত কর্তৃক স্থানীয় স্থিতাবস্থার আদেশ রয়েছে।
বাদী সুরমা বেগমের অভিযোগ, বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে জোরপূর্বক দালান ঘর নির্মাণের পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীগণ সুরমা বেগমের দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ইট, বালি, সিমেন্টসহ যাবতীয় মালামাল এনে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। আজকে তারা ভবন নির্মাণ করতে গেলে আমরা বাঁধা দিলে আমাদের মারধর করে আহত করে। আমরা এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।
ভুক্তভোগী সুরমা বেগম আরও জানান, এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বিচার-শালিস করলেও বিবাদী পক্ষ তা অমান্য করে আসছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জোরপূর্বক ঘর তুলতে বাধা দেওয়ায় বিবাদীগণ হুমকি-ধমকি প্রদান করছে। এতে করে সেখানে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
নিরুপায় হয়ে সুরমা বেগম নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে ও আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ মোহাম্মদ এরশাদ উল্লা বলেন, আজকে অভিযোগের ভিত্তিতে আমাদের জাকির হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়েছে, বিবাদী উশৃংখল, তারা কারো কথা শুনেনা। আমরা বাদিকে আদালতে ১৮৮ ধারায় মামলা করতে বলেছি।
অভিযুক্ত মমিন হোসেন বলেন, তাদের সাথে আমার অনেকগুলো মামলা রয়েছে। আজকেও পুলিশ এসে আমাদের কাজ করতে নিষেধ করেছে।

শেয়ার করুন