হাইমচরে আলিফ গোল্ড মার্কেট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসান আল মামুন  :

 হাইমচর উপজেলার আলগী বাজারস্থ আলিফ গোল্ড মার্কেট থেকে বিজয় কুমার ঘোষ (৪৫) নামে এক স্বর্ণের দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিজয় কুমার ঘোষ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তিনি আলগী বাজারের আলিফ গোল্ড মার্কেটে অবস্থিত মাতৃ শিল্পালয় নামের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি দোকানের মালিক মধু ঘোষের ভগ্নীপতি বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানের ভেতরে বিজয় কুমার ঘোষের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আশপাশের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে হাইমচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘটনার খবর পেয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মার্কেটের চারপাশ ঘুরে দেখেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তবে মার্কেটে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো কার্যকর না থাকায় ঘটনার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আলিফ গোল্ড মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে সেগুলোর অনেকগুলো অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ব্যবসায়ীদের মতে, মার্কেট কর্তৃপক্ষ এবং হাইমচর উপজেলা জুয়েলারি সমিতির তদারকির অভাবে নিরাপত্তা ব্যবস্থায় অব্যবস্থাপনা বিরাজ করছে, যা এমন ঘটনার তদন্তেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, “সংবাদ পেয়ে হাইমচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন