হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা
শাখাওয়াত হোসেন শামীম
চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা,ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত করা প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—মা মনিহারি স্টোর,আলবি প্যাকেজিং হাউজ,আরা বিস্কুট হাউজ ও সোহেল সাজ স্টোর। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে মেয়াদ ও অনুমোদনবিহীন নিম্নমানের শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয় এবং তারা অনিয়ম পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেন।
এছাড়া অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযানে হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










