হাজীগঞ্জে শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ইঞ্জি. মমিনুল হক এমপির মতবিনিময় সভা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুশাসন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপারিন্টেন্ডেন্টরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,হাজীগঞ্জ উপজেলায় এক লাখ বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের জন্য একটি নির্দিষ্ট কর্নার গড়ে তুলে সেখানে চারাগাছ ও ফুলগাছ রোপণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা লেনদেনের সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করতে হবে এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদেরও ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।
ইঞ্জি. মমিনুল হক বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি অতিরিক্ত ফোন রাখা হবে, যাতে প্রয়োজনের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি জানান, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে ১৮ বছরের নিচে কেউ যেন ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আগামী সংসদে একটি প্রস্তাবনা উপস্থাপন করবেন।
তিনি মাদক ও জুয়া প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১১ থেকে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনেরও প্রস্তাব দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসাইন এবং আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার।
প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য দেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুযাম্মেল হুসাইন,বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান আশ্রাফী এবং হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সরদারসহ অন্যান্য শিক্ষক-প্রতিনিধিরা।










