হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ল্যাব মেশিন,উপকৃত হবে ৬ লাখ মানুষ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো প্যাথলজি বিভাগে আধুনিক অটোমেটিক হেমাটোলজি অ্যানালাইজার (সেল কাউন্টার) স্থাপন করা হয়েছে। এ মেশিন চালুর ফলে উপজেলার প্রায় ৬ লাখ মানুষ দ্রুত, নির্ভুল ও স্বল্প খরচে রক্ত পরীক্ষার সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগ নির্ণয়ে গতি এবং সরকারি রাজস্ব আয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন সেল কাউন্টার মেশিনের মাধ্যমে কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি)-সহ অন্তত ২০ ধরনের গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আগে এসব পরীক্ষা ম্যানুয়াল বা এনালগ পদ্ধতিতে করা হতো, ফলে সময় বেশি লাগার পাশাপাশি জরুরি রোগীদের অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনা ও পরামর্শে হাসপাতালের জন্য আধুনিক সেল কাউন্টার মেশিন স্থাপনের উদ্যোগ নেন। পরে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের আন্তরিক সহযোগিতা এবং পৌরসভার অর্থায়নে মেশিনটি ক্রয় করে হাসপাতালের প্যাথলজি বিভাগে স্থাপন করা হয়।

বর্তমানে রোগীরা সরকারি নির্ধারিত স্বল্প ফি দিয়ে দ্রুত পরীক্ষার রিপোর্ট পাচ্ছেন। ফলে বিভিন্ন রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। বিশেষ করে জরুরি রোগীদের চিকিৎসা শুরু করতে আগের তুলনায় অনেক কম সময় লাগছে। এতে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন।

হাসপাতালে সেবা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন জানান, আগে একই পরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠানে করাতে কয়েকগুণ বেশি টাকা খরচ হতো। এখন সরকারি হাসপাতালে কম খরচে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা ও রিপোর্ট পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট আহসান হাবিব ফিরোজ বলেন, “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের উদ্যোগে আধুনিক সেল কাউন্টার মেশিনটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কম সময়ে অধিক সংখ্যক পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে এবং রোগ নির্ণয়ের নির্ভুলতাও বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ও প্রান্তিক রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য প্যাথলজি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সেল কাউন্টার মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কম সময়ে অধিক সংখ্যক রোগীর পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

শেয়ার করুন