চাঁদপুরে এলএ কেসের ক্ষতিপূরণ গ্রহীতা ১১ জনকে দেড় কোটি টাকার চেক প্রদান
কাগজপত্র ঠিকঠাক থাকলে এই টাকা দ্রুততার সাথে পাবেন : জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
ভূমি সেবা সপ্তাহ -২০২১ আজ ১০ জুন চাঁদপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষ দিন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিভিন্ন সময়ে ১১ জন ভূমি অধিগ্রহনকালে (এলএ কেস) ক্ষতি পূরণ গ্রহীতাকে ১১ টি চেকের মাধ্যমে ১ কোটি, ৪৯ লাখ ৫৮ হাজার ৬৬৪ টাকা প্রদান করেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আপনারা যারাই এই এল এ চেক পাওয়ার জন্য আমার অফিসে কিংবা কোন অবৈধ লেন দেন করবেন না। তিনি বলেন, জেলা প্রশাসনে আমি বা আমার কোন অফিসার বা কর্মচারি এ ধরনের অবৈধ টাকা পয়সা গ্রহনের বাইরে। এই বিষয়ে আপনাকে তৃতীয় কোন পক্ষ আমাদের নাম ভাঙিয়ে এ ধরনের কাজ যেন না করতে পারে সেটি খেয়াল রাখবেন। আপনার প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনি এই টাকা দ্রুততার সাথে পাবেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও আমার রাজস্ব শাখার কর্মচারি কেউ হয়রানি করলে সাথে সাথে আমাকে বা আমার অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানাবেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী সহ জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর এলএ শাখার কর্মকর্তা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন। এদিকে ১১ জন তাদের দবিকৃত চেকের টাকা পেয়ে বেশ খুশি।











