চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে চাঁদপুর জেলা কমিটির সমন্বয় সভা সম্পন্ন –

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উদযাপনের সকল প্রতিযোগিতার আয়োজন সুন্দর হতে হবে
….চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা (২সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত-২০২৬) আয়োজনের লক্ষ্যে চাঁদপুর জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷
৩১ আগস্ট (সোমবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অন্য ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তারাও স্ব স্ব উপজেলা থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে সরকার পর্যায় থেকে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই বিশাল আয়োজন। জেলা প্রশাসক বলেন, এটি সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে সরকারি নির্দেশনা।
জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে নজরুল বর্ষ উদযাপনের সকল প্রতিযোগিতার আয়োজন সুন্দর হতে হবে। জেলায় স্কুল কলেজ মাদরাসায় এবং উপজেলা জেলা এবং বিভাগ ও জাতীয় পর্যায়েে প্রতিযোগিতার সকল স্তরে প্রতিযোগী যেন অংশ নেয় সেটির দিকে নজর দিতে হবে। জেলা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসারগন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে তা বাস্তবায়ন করবেন। সেই সাথে মনিটরিং করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।
। স্কুল মাদরাসা এবং কলেজের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার আয়োজনের সময়কাল অনুযায়ী স্কুল কলেজে মাদরাসা স্বত:স্ফুর্ততায় অনুষ্ঠান শুরু করতে হবে।
সর্বশেষ সরকারের পাঠানো নীতিমালার সিডিউল অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান করা হবে৷ জেলা প্রশাসক বলেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসেম্বলির কোন একটা পর্যায়ে বা অন্য কোন সময় নিয়ে নজরুল সংগীত, তাঁর কবিতা, ছড়া, গজলসহ কবির সৃষ্টির নানা বিষয়গুলো শিক্ষার্থীদের মাধ্যমে উপস্থাপন করবেন। এতে করে চলতি নজরুল বর্ষে কবিকে তারা আরো জানা এবং নিজেদের তুলে ধরতে পারবে।
এ সময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক
আলমগীর হোসেন বাহার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ফারুক আহমদ প্রমুখ।এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন