হাজীগঞ্জে ১২৮ ক্ষুদে শিক্ষার্থীকে আবদুল হালিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ ১২৮ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে বৃত্তি, সনদ ও উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নের আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ, প্রাইজমানি ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই বৃত্তি কার্যক্রম। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে। ভবিষ্যতে তোমরাই দেশ ও সমাজের নেতৃত্ব দেবে—তাই এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “২০০৫ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০০৫ সাল থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। চলতি বছর ৪৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল,দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহ পাটওয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক কামরুজ্জামান টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর রায়ের বাজার মোহাম্মদীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মাওলা পাটওয়ারী,বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার এবং বেতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল বাসার জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী লামিয়া সুলতানা। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন,মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










