ফরিদগঞ্জের মরহুম কোবাত হোসেন চৌধুরী ও আওলাদের স্মরণে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত
কামরুল ইসলাম পাটওয়ারী :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা দক্ষিণ ইউনিয়নের পাটওয়ারী বাজার সংলগ্ন ঐতিহাসিক চৌধুরী বাড়িতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুম কোবাত হোসেন চৌধুরী ও তাঁর আওলাদদের (সন্তানাদি) স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুমের জামাতা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিলে সকাল থেকেই পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম কোবাত হোসেন চৌধুরী ও তাঁর বংশধরদের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করা হয়।
পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সুপরিচিত চিকিৎসক ও এ বাড়ির সন্তান ঢাকা গাজীপুর টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইকবাল চৌধুরী, ‘চাঁদপুর দর্শন’ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আকবর হোসেন চৌধুরী, এবং পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জামাতা আবুল খায়ের মজুমদার, নাতনী জামাই দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম পাটওয়ারী সহ পরিবারের মেয়ে, জামাতা, ভাগিনা-ভাগ্নি এবং নিকটাত্মীয়রা।
দোয়া মাহফিলে এলাকার প্রতিবেশী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে শরিক হওয়া এবং দোয়া করার জন্য আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।










