ফরিদগঞ্জে পৃথক কর্মসূচীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুর-০৪ আসনে ধানের শীষের পরাজয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে——-শরীফ মোঃ ইউনুছ
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে পৃথক কর্মসূচীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় এ সকল কর্মসূচী পালিত হয়।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরীফ মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, মজিবুর রহমান প্রমুখ।
সভায় শরীফ মোঃ ইউনুছ তার বক্তব্যে চাঁদপুর-৪ আসনে ধানের শীষের পরাজয়ের কারন উদঘাটনে তদন্ত কমিটি গঠন করতে জেলা বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন। ধানের শীষের পরাজয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবী করেছেন তিনি। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এদিকে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিআরডিবি মাঠে আলোচনা সভার আয়োজন করে চাঁদপুর-৪ আসনের সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপি’র ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের অনুগত বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. হারুনুর রশিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দীন বাবর, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপু প্রমুখ।










