শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক :
“জলবায়ুর পরিবর্তন ও আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চাঁদপুর সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। অতিরিক্ত খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এরই ফল। তিনি বলেন, আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।তিনি আরও বলেন, নদী দূষণ রোধে সবাইকে দায?িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড: একে এম সলিম উল্যা সেলিম ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন।বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বেশি দায়ী। তাই ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।তারা আরও বলেন, স্থানীয় রাইস মিলসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হলে নদী দূষণ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সাধারণ মানুষও যদি যেখানে-সেখানে প্লাস্টিক ও আবর্জনা না ফেলে, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সুদীপ্ত চাঁদপুর-এর সম্পাদক এম.আর. ইসলাম বাবু। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান দেওয়ান এবং গীতা পাঠ করেন শ্যামল চন্দ্র দাস।এ সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলন-এর সাধারণ সম্পাদক আল আমিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










