সমবায়ের নিয়মনীতি না মানলে ব্যবস্থা- চাঁদপুরে জাতীয় সমবায় দিবসে
শেখ ফরিদ আহমেদ মানিক এমপিি
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় একটা গুরুত্বপূর্ণ খাত।
সমবায়ের নামে অতিরিক্ত সুদ আদায়, অনিয়ম ও সাধারণ মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রবিবার (৮ নভেম্বর) চাঁদপুরে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিন সকাল ১০টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনের সামনে থেকে এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় একটি গুরুত্বপূর্ণ খাত। সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোক্তাদের নিয়ে ভাবছেন, যাতে তারা সহজে ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।
কৃষকদের ঋণপ্রাপ্তির বিষয়ে সংসদ সদস্য বলেন, দেশে প্রায় সাড়ে তিন কোটি কৃষক আছেন। যেসব কৃষকের কৃষিঋণ প্রয়োজন, তাদের ঋণ পেতে তিনি সহযোগিতা করবেন।
চাঁদপুরের একটি সমিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মানুষের কাছ থেকে টাকা আদায় করতে না পারলে মামলা করা এবং অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ রয়েছে। সমবায়ের প্রচলিত নিয়মনীতি না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌস।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান জসিম উদ্দিন খান বাবুলসহ সরকারি দপ্তর ও সমবায় বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।











