হাইমচরে নিরীহ পরিবারের উপর হামলায় গুরুতর আহত ৪, আটক ২
হাসান আল মামুন :
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলীয়া গ্রামে নিরীহ পরিবারের কাছে ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ওই পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করে।আহতরা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ফরিদা বেগম বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন।হাইমচর থানা পুলিশ দায়ের করার পর এজাহারনামীয় দুই প্রধান আসামিকে আটক করেছে।আটককৃতরা হলো হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের নাজমুল হোসেন বাবু গাজী (৩০) ও রাফি গাজী (২৫)।আটক কৃতদের অদ্য ২৫/০৬/২০২৬খ্রিঃ তারিখে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
২৪ জুলাই শুক্রবার জুম্মার নামাজ শেষে হাইমচরের ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নং আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের নিকট বিভিন্ন ভাবে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় জুম্মার নামাজ শেষে নিরীহ পরিবারের লোকজন বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অশ্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। আহতদেরকে স্থানীয়রা প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সহায়তা প্রধান করেন।এদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
মামলার এজাহার সুত্রে জানাযায়, হাইমচর থানার এফআইআর নং-২৮, তারিখ- ২৪ জুলাই, ২০২৬; জি আর নং-১৯২, তারিখ- ২৪ জুলাই, ২০২৬; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/ ৫০৬(২) পেনাল কোড, ১৮৬০ মামলায় এজাহারনামীয় এবং চাঁদপুর এর হাইমচর থানার এফআইআর নং-৮, তারিখ- ০৪ জুন, ২০২৬; জি আর নং-১৪০, তারিখ- ০৪ জুন, ২০২৬; ধারা- ৭/৮/৯/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামী নাজমুল হোসেন বাবু গাজী (৩০) পিতা- আব্দুল ছাত্তার গাজী ও রাফি গাজী (২৫), পিতা- আব্দুল ছাত্তার গাজী, সাং- ভিঙ্গুলিয়া (গাজী বাড়ী), থানা- হাইমচরদ্বয়কে গত ২৪/০৭/২০২৬ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১০ ঘটিকার সময় হাইমচর থানাধীন ভিঙ্গুলিয়া সাকিনস্থ আসামীদ্বয়ের বসত ঘর হইতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, এই হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দুজনকে আটক করা হয়েছে। আহত চারজন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।










