হাজীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান ৩ ড্রেজার বিকল ১৫০ পাইপ ধ্বংস
শাখাওয়াত হোসেন শামিম: চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল এবং আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা গেছে,বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট এলাকার বেতাগি বিলে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপের সন্ধান পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার মেশিন বিকল এবং আনুমানিক ১৫০টি পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। তবে অভিযানকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় এসব ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের আঁধারে মেশিন চালু করে পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এসব মাটি দিয়ে কৃষিজমি, পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে।
অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমির উপরিভাগের উর্বর স্তর নষ্ট হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পুকুর ও জলাশয় ভরাটের কারণে প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন বিকল এবং আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কাটা বন্ধ এবং কৃষিজমি, পুকুরসহ বিভিন্ন জলাশয় রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।










