হাজীগঞ্জে মাদক সেবনকারীদের চাঁদা না দেওয়ায় ডেলিভারি ম্যানের ওপর হামলা,নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই,বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ডেলিভারি ম্যানের ওপর হামলা চালিয়ে নগদ টাকা,কোম্পানির মালামাল ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,অলস্টার কোম্পানির ডেলিভারি ম্যান আজমীর হোসেন খোকন মালামাল পৌঁছে দিতে গেলে কয়েকজন মাদকসেবী তার পথরোধ করে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা ডেলিভারির নগদ ২ লাখ ১৮ হাজার টাকা,কোম্পানির মালামাল ও ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয় হামলাকারীরা। বর্তমানে আহত খোকন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খোকনের পিতা মো. হাতেম খাঁন বাদী হয়ে সম্রাট হোসেন (২৮), পিতা—মুসু মিয়া, আনোয়ার হোসেন (৩০), পিতা—শাহআলম, শ্যামল চন্দ্র (৩৫), পিতা—কৃষ্ণু চন্দ্র দেবনাথসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগটি গ্রহণ করা হয়েছে, আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত,আমাদের ছেলে-মেয়েরা মাদকের কবলে পড়ছে,আমরা এই সামাজিক অবক্ষয় আর দেখতে চাই না। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।”
১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল বলেন, “হামলাকারীরা মাদকের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। বহুবার সতর্ক করা হলেও তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, “হামলাকারীরা প্রায়ই চাঁদার জন্য লোকজনকে হয়রানি করত। খোকন চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
অভিযোগকারী মো. হাতেম খাঁন বলেন, “আমার ছেলে কোম্পানির কাজে মোটরসাইকেলে কাশিমপুর এলাকায় গেলে কয়েকজন মাদকসেবী তাকে আটকিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা তাকে মারধর করে গুরুতর জখম করে এবং নগদ টাকা, মালামাল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।











