হাজীগঞ্জে হারিয়ে যাওয়া খাল উদ্ধারে প্রশাসনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড থেকে বড় মসজিদ ও রজনীগন্ধা মার্কেটের উত্তর পাশ হয়ে থানা সংলগ্ন দক্ষিণ পাশ দিয়ে বোয়ালজুড়ি খালের সঙ্গে সংযুক্ত হারিয়ে যাওয়া খালটি উদ্ধারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ অন্যান্য কর্মকর্তারা দখলকৃত স্থান পরিদর্শন করেন। এসময় তারা সিএস,আরএস ও নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র বিশ্লেষণ করেন।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এ খালটি দখলের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। খালটি পুনঃখনন ও উদ্ধার করা গেলে হাজীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশক্রমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

খাল উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা খায়রুল কবির আবাদ বলেন, একসময় হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হওয়া খালটি লোকমান পাটওয়ারী মার্কেট,বড় মসজিদের উত্তর পাশ ও থানার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে বোয়ালজুড়ি খালের সঙ্গে মিলিত হতো। এছাড়াও বিভিন্ন এলাকায় খাল ও জলাশয় দখল হয়ে দোকানপাট ও স্থাপনায় রূপ নিয়েছে।
তিনি আরও বলেন,হাজীগঞ্জ পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জলাশয়টিও দখল হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে খাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে এলাকাবাসী মনে করছেন,প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাজীগঞ্জ বাজারের পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।










