হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সাজে ডেন্টাল ইউনিট,বিনামূল্যে সেবা দিচ্ছেন চারজন চিকিৎসক

হাজিগন্জ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিট আধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সুবিধা সংযোজনের মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। সংস্কার ও আধুনিকায়নের ফলে এখন থেকে হাসপাতালের রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত দাঁতের চিকিৎসাসেবা পাচ্ছেন।

বর্তমানে একজন কনসালটেন্টের নেতৃত্বে দুইজন মেডিকেল অফিসার (সহকারী ডেন্টাল সার্জন) এবং একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ সমন্বিতভাবে রোগীদের সেবা প্রদান করছেন। ফলে স্থানীয় জনগণ নিজ এলাকাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নতমানের ডেন্টাল চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ডেন্টাল ইউনিটে প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল থাকায় এবং চিকিৎসা সামগ্রীর সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। গত বছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আহমেদ তানভীর হাসান দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন সেবার পাশাপাশি ডেন্টাল ইউনিটের উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় ইউনিটটির সংস্কার,অচল যন্ত্রপাতি সচল এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংগ্রহ করা হয়।

এদিকে ডেন্টাল ইউনিটে কনসালটেন্ট হিসেবে যোগ দেন ডা. উৎপল সাহা। এছাড়া মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. নুসরাত জাহান ও ডা. নার্গিস আক্তার। দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত রয়েছেন অনুপম সরকার। চিকিৎসকদের সমন্বিত এ টিমের মাধ্যমে বর্তমানে রোগীদের নিয়মিত ও মানসম্মত ডেন্টাল সেবা নিশ্চিত করা হচ্ছে।

দাঁতের কনসালটেন্ট ডা. উৎপল সাহা বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের আন্তরিক উদ্যোগে ডেন্টাল ইউনিটের সংস্কার, অচল যন্ত্রপাতি সচল এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে একজন কনসালটেন্ট,দুইজন মেডিকেল অফিসার এবং একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদের সমন্বয়ে রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে এখন একজন কনসালটেন্ট,দুইজন মেডিকেল অফিসার ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ নিয়মিত সেবা দিচ্ছেন। রোগীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে দাঁত তোলা,দাঁতের ফিলিং,বিভিন্ন ধরনের দাঁতের চিকিৎসা এবং মাইনর ওরাল সার্জারিসহ প্রয়োজনীয় ডেন্টাল সেবা গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ডেন্টাল ইউনিট চালুর ফলে হাজীগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ এখন নিজ উপজেলাতেই উন্নত দাঁতের চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন