১৮ বছরের নিচে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করতে সংসদে প্রস্তাব আনবো ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, স্মার্টফোনের অপব্যবহার ও কিশোর-তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব রোধে ১৮ বছরের নিচে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে তিনি আগামী সংসদে একটি প্রস্তাবনা উপস্থাপন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) হাজীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপারিন্টেন্ডেন্টদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মমিনুল হক বলেন, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে এক লাখ বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের জন্য একটি নির্দিষ্ট কর্নার তৈরি করে সেখানে চারাগাছ ও ফুলগাছ রোপণ করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা লেনদেন যেন না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে তিনি বলেন, সকল প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু এবং আয়-ব্যয়ের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদেরও ব্যক্তিগত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি অতিরিক্ত ফোন রাখা হবে, যাতে প্রয়োজনের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন।

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১১ থেকে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনেরও আহ্বান জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসাইন, আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুযাম্মেল হুসাইন,বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান আশরাফী এবং হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সরদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

শেয়ার করুন