দুর্গাপূজায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শংকা নেই, পূজা হবে আনন্দ উৎসবে– ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি চাঁদপুর সদর উপজেলার শ্রীশ্রী কালী বাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোন শংকা নেই। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে মাদকবিরোধী ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ যানবাহন ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে উৎসবের পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

ডিআইজি বলেন, আমরা একমাস আগ থেকেই পূজার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিতে শুরু করেছি। আজকের পূজার প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আগামী দিনগুলোতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বক্তব্য প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ (পণ্ডিত স্যার), সাধারণ সম্পাদক তমাল ঘোষ, চাঁদপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল সাহা,
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূরসহ পুলিশ কর্মকর্তাগন, জেলা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, মহিলা সম্পাদিকা মাধবী সাহাসহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। ডিআইজি শহরের কালিমন্দীরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শেয়ার করুন