মতলব উত্তরে অভিযানে ১৭ জেলে আটক ৪ টি নৌকা জব্দ
শেখ ওমর ফারুক : মতলব উত্তরে ১৪ অক্টোবর দিবাগত গভীর রাতে (১৫ অক্টোবর) মেঘনা নদীর বাহেরচর এবং নাসিরারচর এলাকায় চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইঞ্জিনচালিত পুরাতন কাঠের জেলে নৌকাযোগে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মৎস্য আহরণের অভিযোগে ১৭ (সতের) জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ- পুলিশ।এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১ হাজার ৪শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪ টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের জেলে নৌকা জব্দ করা হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক পৃথক ৭ টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ১৭ জন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










