কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক ফরিদগঞ্জের  তারেক

​ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান তারেকুর রহমান তারেক। ১৫১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে তাকে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, সদ্য ঘোষিত এই যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

​তারেকুর রহমান তারেক ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের (মসজিদ বাড়ি) সন্তান। তার পিতা আব্দুল মতিন   ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা। পেশাগত জীবনে তারেকুর রহমান একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

​দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই তারেকুর রহমান তারেক রাজনীতির মাঠে অত্যন্ত সক্রিয় ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। দলের নানামুখী সংকট ও দুর্দিনেও তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং পূর্বে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তারই ধারাবাহিকতায় এবং দলের প্রতি তার ত্যাগ ও সততার মূল্যায়ন স্বরূপ এবার তাকে কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদকের মতো দায়িত্ব দেওয়া হলো।

​এদিকে তারেকুর রহমান তারেক কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার খবর ফরিদগঞ্জে পৌঁছালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার দেখা যায় । সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর ঢল নামে । স্থানীয় নেতাকর্মীদের আশা, তারেকুর রহমানের হাত ধরে আগামী দিনে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। 

শেয়ার করুন