চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম ম্যাচে মতলব দক্ষিণের জয়

কামরুল ইসলাম পাটওয়ারী : চাঁদপুর জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব একরামুল ছিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব আহমেদ জিয়াউর রহমান তাঁর বক্তব্যে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা থেকে হামজা চৌধুরীর মতো জাতীয় মানের ফুটবলার উঠে আসবে। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টের প্রথম দিনে শাহরাস্তি উপজেলা ফুটবল দল ও মতলব দক্ষিণ উপজেলা ফুটবল দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শাহরাস্তি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে মতলব দক্ষিণ উপজেলা ফুটবল দল।

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন