​চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট: তীব্র গরমে বিপাকে বিক্রেতারা

কামরুল ইসলাম পাটওয়ারী :

পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, চাঁদপুরে ততই জমে উঠছে কোরবানির পশুর হাটগুলো। জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি আর পশু আমদানিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। তবে হাটে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় থাকলেও এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা।

​গতকাল ২৩মে রোজ শনিবার চাঁদপুর সদরের ঐতিহাসিক চাঁনখার বাজার এবং চৌরাস্তা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, শত শত দেশি ও শাহিওয়াল জাতের গরুর সমাগম ঘটেছে। হাটে পশুর কমতি না থাকলেও প্রথম দিকে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সময় বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়ছে। অনেকেই আসছেন গরুর হাটের সার্বিক পরিস্থিতি দেখতে এবং দরদাম যাচাই করতে

​এবারের হাটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম। প্রচণ্ড তাপদাহের কারণে দূর-দূরান্ত থেকে আসা গরু নিয়ে খামারি ও ব্যাপারীরা বেশ বিপাকে পড়েছেন। পশুদের সুস্থ রাখতে ঘন ঘন পানি দেওয়া এবং ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে।

​এক বিক্রেতা জানান: “যে গরম পড়ছে, তাতে গরু টিকিয়ে রাখাই দায়। আমরা অনেক কষ্ট করে গরুগুলো হাটে এনেছি। বড় লাভের আশা ছেড়ে দিয়েছি, মোটামুটি একটা যৌক্তিক দাম পেলেই গরু ছেড়ে দেবো। বাড়ি ফিরিয়ে নেওয়ার চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো।”

​ক্রেতা ও বিক্রেতারা যাতে তাদের সুবিধাজনক স্থানে এবং পছন্দ অনুযায়ী পশু কেনাবেচা করতে পারেন, সেজন্য জেলা জুড়ে রুটিন মাফিক হাট বসানো হচ্ছে।রবিবার হাট থেকে চাঁদপুর সদরের অন্যতম বড় হাট বাবুরহাট বাজার বসছে। সোমবার থেকে জমজমাটভাবে শুরু হবে ঐতিহ্যবাহী সফরমালী হাট। এছাড়া শহরের কেন্দ্রবিন্দুতে থাকা স্বর্ণখোলা মাঠে বিশাল পরিসরে কোরবানির পশুর হাট বসেছে, যা শহরবাসীর জন্য কেনাকাটা বেশ সহজ করে তুলবে।

​বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্রেতারা জানান, বিক্রেতারা প্রথম দিকে দাম কিছুটা বাড়তি হাঁকাচ্ছেন। তবে বিক্রেতাদের দাবি, গো-খাদ্যের দাম চড়া হওয়ায় লালন-পালন খরচ বেড়েছে।

​হাট ইজারাদার ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্রেতা-বিক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে জালিয়াতি চক্র রোধে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে হাটগুলোতে বেচাকেনা পুরোদমে জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

শেয়ার করুন