চাঁদপুরে জেলেদের ৫ টন ভিজিএফের চাল পাচারকালে জব্দ, ইউপি সচিব সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি :
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কর্মহীন নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি ভিজিএফের চাল পাচারের চেষ্টার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য সরকারি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযোগ ওঠে, জেলেদের মধ্যে বিতরণ না করে ওই চাল একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামের দিকে নেওয়া হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।প্রশাসনের নির্দেশনায় চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ফিরিয়ে চাঁদপুরে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে চালের গাড়িসহ ৫ টন চাল জব্দ করা হয়। উদ্ধার করা চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনার পর চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে অভিযুক্ত ইউপি সচিব গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার কারণ ও চাল পরিবহনের পেছনের আসল রহস্য উদঘাটনসহ অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তবে চাল পাচারের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব গোলাম মোস্তফা শামীম। তাঁর দাবি, চাল নিয়ে শহরে আসার সড়কটি খারাপ থাকায় তিনি বিকল্প ভালো সড়ক দিয়ে গাড়িটি ঘুরিয়ে আনছিলেন।এদিকে, চাঁদপুর মডেল থানা পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে হৃদরোগজনিত ও অন্যান্য অসুস্থতার কারণে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সরকারি খাদ্য সহায়তা বিতরণে অনিয়ম ও এর নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










