চাঁদপুরে নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
কামরুল ইসলাম পাটওয়ারী :
চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড ব্যাংক কলোনীতে একটি নির্মাণাধীন পাচঁতলা ভবন থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন দেলু (৫০) নামের এক কনস্ট্রাকশন ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তরপুরচন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বন্দুকশী বাড়ির নিবাসী ১৫ নং ওয়ার্ড বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দেলু তরপুরচন্ডী বন্দুকশী বাড়ির মরহুম দুদু বন্দুকশির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দেলু উক্ত নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ঠিকাদারির দায়িত্বে ছিলেন। সকালে ভবনের উঁচুতে কাজের তদারকি করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ও শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










