সংবাদকর্মী পরিচয়ে অপরাধে জড়ানো যাবে না
হাজিগন্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে
সংসদ সদস্য ইন্জিনিয়ার মমিনুল হক
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জে সংসদ সদস্যের স্থানীয় কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর নেতৃত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অবৈধ ড্রেজার, নদী-খাল খনন, যানজট, হকার সমস্যা, শিক্ষা, কৃষি, উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় সংসদ সদস্য মো. মমিনুল হক বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শের চেয়ে সাংবাদিকদের পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেওয়া উচিত।
তিনি বলেন, সংবাদকর্মী পরিচয় ব্যবহার করে কেউ যেন ড্রেজারসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধ বা অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মমিনুল হক আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সচিব এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরি কমিটির সহসাধারণ সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ, এনায়েত মজুমদার প্রমুখ।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, কার্যকরি কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, সদস্য কাউছার আহম্মেদ রিপন, রেজাউল করিম নয়ন, সাধারণ সদস্য গাজী নাছির উদ্দিন।










