চাঁদপুর জেলা স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীনক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিয়মিত ক্রীড়াচর্চায় শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে উঠে
জেলা প্রশাসক — আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক :
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন কাবাডি, হ্যান্ডবল, দাবা প্রতিযোগিতা এবং সাঁতার প্রতিযোগিতা-২০২৬ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন লেকে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, মতলব (দ.) কেএফটি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
এমআর ইসলাম বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,জেলা ক্রীড়া অফিসার আফছার উদ্দিন,আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে ওঠে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, বিভাগীয় পর্যায় ভালো করবে। যারা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে।

প্রতিযোগিতা দাবায় (বালক বড়) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. ইমতিয়াজ আহমেদ রাফিন চ্যাম্পিয়ন শাহরাস্তি নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জুবাইর আহমেদ রানারআপ,বালক মধ্যম- মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুলের মো. তামজিদ ইকরাম চ্যাম্পিয়ন ও শাহারাস্তি সুয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. আরাফাত রহমান মুন রানার আপ, বালিকা বড় – হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাতুন নূর চ্যাম্পিয়ন ও শাহারাস্তি উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাহবুবা বিনতে আজম রানার আপ, বালিকা মধ্যম – মতলব দক্ষিণ কেএফটি কলেজিয়েট স্কুলের তালবিয়া বিনতে সান্তাদ চ্যাম্পিয়ন এবং হাইমচর দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের মরিয়ম আক্তার রানার আপ হয়।

কাবাডি (ছাত্র) চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি, রানারআপ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। কাবাডি (ছাত্রী) চ্যাম্পিয়ন মৈশাদী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর ও রানার আপ মতলব দ. কেএফটি কলেজিয়েট স্কুল। হ্যান্ডবল(ছাত্র) চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি, রানারআপ হাইমচর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। হ্যান্ডবল (ছাত্রী) মতলব দ. কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও হাজীগঞ্জ আলবান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে ।
এছাড়া বালক ও বালিকাদের মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার ও বুক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে মেডেলসহ পুরস্কার ও সনদ প্রদান করা হয়।অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পর্যায়ক্রমে মেডেলসহ পুরস্কার ও সনদ তুলে দেন।

শেয়ার করুন