জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬
গ্রামের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে ……
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন
মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ঃ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই সোমবার সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উদ্যোগে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের প্রতিপাদ্যটির মধ্যেই দেশের অগ্রযাত্রার মূল দর্শন ও তাৎপর্য নিহিত রয়েছে। আমাদের পল্লী যদি উন্নত ও সমৃদ্ধ হয়, তাহলে সমগ্র দেশও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমাদের শেকড় কিন্তু গ্রামেই । তাই গ্রাম ও পল্লী অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন বলতে শুধু বড়ো বড়ো ভবন নির্মাণকে বোঝায় না; বরং গ্রামের বিদ্যমান সম্পদ ও সম্ভাবনাকে আধুনিক, পরিকল্পিত ও টেকসই উপায়ে বিকশিত করাকেই প্রকৃত পল্লী উন্নয়ন বলা হয়। কৃষি, পশুপালন, সেচ ব্যবস্থাসহ গ্রামীণ অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়ন ঘটাতে হবে।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষের কাছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো নাগরিক সুবিধাগুলো শহরের মানুষের মতো সমানভাবে পৌঁছে দিতে পারলে আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে এবং গড়ে উঠবে একটি উন্নত বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহ পল্লী উন্নয়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং তাদের উন্নয়নে সর্বদা কাজ করে যাবে। আর গ্রামের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর সদর ইউসিসিএ লিঃ-এর সভাপতি- মোঃ জসীম উদ্দীন খান বাবুল।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ নাজমুল হুদার সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপপরিচালক- মোঃ আল-আমিন।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সভাপতি- জাকির হোসেন খান এবং তরপুরচন্ডী বিত্তহীন মহিলা দলের ম্যানেজার- সাবানী বেগম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চাঁদপুর সদর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুফলভোগিদর মাঝে ম্যানেজার কমিশন ও ঋণের চেক প্রদান সহ বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।











