পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপনে জাতীয় সাংবাদিক সংস্থার মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি :

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে রেডরোজ পাটি সেন্টারে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, প্রতিবেদন তৈরি ও পাঠকের কাছে প্রতিদিনের নানা ঘটনা তুলে ধরতে ব্যস্ত থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার সেই গণ্ডি পেরিয়ে এমন আয়োজন প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, এ আয়োজন সাংবাদিক সমাজে নবীপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সব শ্রেণী পেশার মানুষের জন্য নবীজি মডেল। নবী ও রাসূল এক লক্ষ বা দুই লক্ষ ছিলেন। ১০৪ খানা আসমানী কিতাব তাদের কাছেই এসেছে। নবীর আগমনী বার্তা সকল নবীই দিয়েছেন।

জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাওঃ মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম বীরমুক্তিযোদ্ধা, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন ও আলমগীর হোসাইন, শাহী জামে মসজিদের খতিব ও হাইমচর কাটাখালী হামিদিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, মিলাদ পরিবেশন করেন মাওঃ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর বালক সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শওকত করিম, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন, সিনিয়র সদস্য আরিফুর রহমান সাগর ও বোরহান সাইফ, সাংবাদিক সাদ্দাম হোসেন, চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব সেনার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম মামুন,
হাফেজ মোঃ শাহ জালাল, মোঃ সফিউদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে সাংবাদিকরা তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি মহানবী জীবন, আদর্শ, মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন। পরে মহানবী সা. এর শানে নাতে রাসুল পরিবেশন এবং মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন