প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ করলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম বাহাদুর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম বাহাদুর। সোমবার (১ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরার হাত থেকে তিনি ৫ হাজার টাকার অনুদান গ্রহণ করেন।
এ ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতা কীভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য নির্ধারিত অনুদান গ্রহণ করলেন। তাদের মতে, প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পরিবর্তে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তির এ ধরনের অনুদান গ্রহণ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মোরশেদ আলম বাহাদুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের একটি অংশের দাবি, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের পরিবর্তে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে এ ধরনের সহায়তা পৌঁছানো নিশ্চিত করা উচিত। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।










