বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানের নির্দেশনায় বাকিলা ফাজিল মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের মাদকবিরোধী র্যালি
শাখওয়াত হোসেন শামীম :
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের নির্দেশনায় বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও বাকিলা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।র্যালিতে নেতৃত্ব দেন ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এতে বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক,গভর্নিং বডির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী এবং বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসরিন জাহান, প্রধান শিক্ষক মজিবুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য মো. হোসেন মোল্লা লিটন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় আক্তার হোসেন পাটোয়ারী,সাদ্দাম হোসেন রাজু,রিয়াদুল ইসলাম, হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বাকিলা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী র্যালি’ এবং ‘পরিবার,সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।র্যালি শেষে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি প্রজন্মের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”তিনি বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কিংবা আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”চেয়ারম্যান মিজানুর রহমান আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীরা যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে আমরা একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে পারব।”তিনি মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “বাকিলা ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে আপসহীন।”আয়োজকরা জানান,তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ র্যালির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাকিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।










