হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও স্থায়ী মেঘনা রক্ষা বাঁধ নির্মাণ করা হবে

…… শেখ ফরিদ আহমেদ মানিক

হাসান আল মামুন:

চাঁদপুর- ৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন কর্মসংস্থান বৃদ্ধি ও আধুনিক হাইমচর গড়তে খুব শীঘ্রই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করা হবে। ইতিমধ্যেই অর্থনৈতিক অঞ্চলের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রধানমন্ত্রীর কাছে পৌছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সাথে সাথে হাইমচরের মাটি রক্ষার্থে মেঘনায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে শুধু যে হাইমচরের মানুষের উপকার হবে তা কিন্তু নয়, বরং সারাদেশের মানুষ এখানে কাজ করতে আসবে। হাইমচরে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

গতকাল ২১ মে বৃহস্পতিবার হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর যাবতীয় কাজ সম্পন্ন করেছে সরকার। যার সুফল ইতিমধ্যেই ভোগ করছেন দেশের মানুষ। আমি ভূমি অফিসকে বলবো আপনারা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করে খুব শীঘ্রই সকল মামলা গুছিয়ে আনবেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, শিশু, কিশোর বা যুবকদের যদি খেলাধুলায় রাখা যায় তবেই তারা অন্যায় করা থেকে বিরত থাকবে। আড্ডাবাজী, নেশা করা, মাদকসেবন, ইভটিজিং সহ সামাজিক অপরাধ থেকে তাদেরকে দূরে রাখতে যতটা সম্ভব খেলার মাঠে পাঠিয়ে দিতে হবে। আমার পক্ষ থেকে আরও কিছু ক্রীড়া সামগ্রী দুয়েক দিনের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়ে দিবো।

তিনি আরও বলেন মোবাইলাসক্ত, মাদকাসক্ত ছেলেমেয়েদের যদি ক্রীড়ামূখি করা যায়, তবে এরাই হবে আগামী দিনের কর্ণধার। এরাই এক সময় এ জাতির নেতৃত্ব দিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নাহিদ আহমেদের সঞ্চালনায় ভূমি সেবা মেলার ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার আহসানুল হকের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট ব্যাট, বেডমিন্টন ব্যাট, লুডু ও দাবা কোট সহ ফুটবল ভলিবল তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনের লক্ষে ঢেউটিন, নগদ অর্থ ও চেক বিতরণ করেন প্রধান অতিথি সহ সক আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে ঘরের চাল, বেড়া ও আসবাবপত্র মেরামত করার জন্য নগদ টাকাও দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকারের সঞ্চালনায় কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এতে সহজে অল্প সময়ে অনেক জমির ধান কাটার জন্য আধুনিক যন্ত্র ও ধান মাড়াই ও ভাঙ্গানোর জন্য মেশিন বিনামূল্যে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সভাপতি জহির মাঝি, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন