হাজীগঞ্জে জায়গা দখলের চেষ্টায় শতাধিক গাছ কর্তন, থানায় অভিযোগ
হাজীগঞ্জে জায়গা দখলের চেষ্টাশতাধিক গাছ কর্তন:থানায় অভিযোগ
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে জায়গা দখলের পায়তারা করতে গিয়ে সন্ত্রাসী কায়দায় গাছ কর্তন, নারকেল লুট,বাড়ির বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খান বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্বপরিকল্পিতভাবে একই বাড়ির লালন খান ও মজিব খান নেতৃত্বে দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ৩০-৪০ জন লোক হামলা চালায়। এসময় তারা প্রায় দুই লক্ষাধিক টাকার ফলজ ও বনজ শতাধিক গাছ কর্তন করে এবং নারকেল গাছ থেকে কয়েক শতাধিক নারকেল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কুদ্দুস ও মিজানুর রহমান জানান, “জুমার নামাজ শেষে হঠাৎ করে অর্ধশতাধিক লোকজন আমাদের বাড়িতে প্রবেশ করে গালাগাল করতে থাকে। তারা আমাদের গাছ কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়।”
তাদের দাবি, প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষ এজবদল চুক্তির মাধ্যমে উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন। দীর্ঘ ৭০ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাসের পরও প্রতিপক্ষ হঠাৎ করে জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির,জালিয়াত ও জুলুমবাজ বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
একই পরিবারের আক্তার হোসেন খান, মোবারক হোসেন ও আব্দুল লতিফ ভূঁইয়া জানিয়েছেন,লালন খান ও মজিব খান গংরা অন্যায়ভাবে হামলা চালিয়ে গাছ কর্তন,লুটপাট ও ভাঙচুর করেছে।
অভিযুক্ত লালন খানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন,“অভিযোগ পেয়েছি,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বর্তমানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। কেউ আইন নিজের হাতে নিতে পারবে না।”
এদিকে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ,দ্রুত আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা প্রদানের জোর দাবি জানিয়েছেন।











