হাজীগঞ্জে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

দ্বিতীয় দিন: দুইজনের কারাদণ্ড, জরিমানা ১৫ হাজার ৬৫০ টাকা

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ফুটপাত দখল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজীনা জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের পথে দোকানের সামনে গ্যাস সিলিন্ডার রেখে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত ও চলাচলের পথ দখল করে মালামাল রাখার দায়ে একটি ইলেকট্রিক দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুইজন হকারকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজন ভ্রাম্যমাণ বিক্রেতাকে ৬৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা এবং একজন বিক্রেতাকে ৬৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় বেশ কিছু মালামাল জব্দ করে থানায় হস্তান্তর করা হয় এবং একটি ভ্যানগাড়িও জব্দ করা হয়।

অভিযানকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান,এসআই দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে আমরা পূর্বেই সংশ্লিষ্টদের সতর্ক করেছি এবং নোটিশ প্রদান করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন