হাজীগঞ্জ বাজারের সড়ক উন্নয়নে বাধা বিদ্যুতের খুঁটি,দ্রুত অপসারণ দাবি
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দীর্ঘদিন পর সড়ক সংস্কার ও উন্নয়নকাজ শুরু হলেও সড়কের চলাচলের অংশে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে উন্নয়নকাজ শেষ হওয়ার পর যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাজারের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। দ্রুত এসব খুঁটি স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, হাজীগঞ্জ বাজারের সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় চলমান রয়েছে। দীর্ঘদিন পর বাজারে উন্নয়নকাজ শুরু হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাশাপাশি সড়ক বিভাগের জায়গা উন্মুক্ত করে ড্রেন নির্মাণ করায় সড়কের পরিসরও আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে সড়কের পরিসর বাড়লেও চলাচলের অংশে প্রায় ৫ থেকে ৭টি বিদ্যুতের খুঁটি এখনো রয়ে গেছে। উন্নয়নকাজ শেষ হওয়ার পর এসব খুঁটি সড়কের মাঝামাঝি অবস্থানে থাকলে যানবাহন চলাচলে বিঘ্ন,দুর্ঘটনার ঝুঁকি এবং পথচারীদের ভোগান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন,বর্তমানে যেহেতু সড়কের উন্নয়নকাজ চলমান,তাই এখনই বিদ্যুতের খুঁটিগুলো নির্ধারিত স্থানে স্থানান্তর করা হলে পরবর্তীতে নতুন করে সড়ক কাটাকাটি কিংবা সংস্কারের প্রয়োজন হবে না। এতে সরকারি অর্থ ও সময়ের সাশ্রয়ের পাশাপাশি সড়কের স্থায়িত্বও বজায় থাকবে।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) গোবিন্দ আগরওয়ালা বলেন, “বিষয়টি রোশন ওয়ালারা আমাকে জানিয়েছে। খুঁটি সরানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পাশের ড্রেনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত স্থানান্তর করা হলে ভবিষ্যতে সড়কটি আরও কার্যকর ও নিরাপদ হবে। একই সঙ্গে বাজারের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।
তাদের প্রত্যাশা, সড়কের চলমান উন্নয়নকাজ শেষ হওয়ার আগেই বিদ্যুতের খুঁটিগুলো যথাযথ স্থানে স্থানান্তর করা হবে। এতে যান চলাচল নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি হাজীগঞ্জ বাজারের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সৌন্দর্যও নিশ্চিত হবে।










