জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে কর্মকর্তাদের সতর্ক করলেন

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি:

জনদুর্ভোগ, অনিয়ম ও সেবার মান যাচাই করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হঠাৎ পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং অফিসের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় অফিসে অনিয়ম ও দালালদের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

অভিযানকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও বিভিন্ন অভিযোগ শোনেন সংসদ সদস্য। পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানি, অনিয়ম কিংবা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। একই সঙ্গে পাসপোর্ট অফিসের সেবার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কয়েকজনকে দালাল হিসেবে চিহ্নিত করে কর্মরত আনসার সদস্যদের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

অভিযানকালে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।

আকস্মিক অভিযান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর পাসপোর্ট অফিস থাকবে দালালমুক্ত। আমি প্রতি শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে বসি, তাদের সঙ্গে কথা বলি। তাদের অনেকেই এই পাসপোর্ট অফিসের দুর্নীতির কথা বলেন। আজকে পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, তাতে মনে হলো এখানের পরিবেশ ভালো না। এখানের পরিবেশ উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার।

তিনি আরও বলেন, সাংবাদিকরা পারলে অন্তত সপ্তাহে দুবার এসে চাঁদপুর পাসপোর্ট অফিসের খোঁজখবর নেবেন। আমরা দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস চাই।

শেয়ার করুন