আনোয়ারা -মতিউর মডেল মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

শিক্ষাটা হবে আদর্শ ও নৈতিকতার শিক্ষা
………….. হাজী মোঃ মোশারফ হোসা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর আনোয়ারা -মতিউর মডেল মাদরাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসাইন হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা অর্জন করতে ইসলাম তাগিদ প্রদান করেছেন। আর সেই আলোকে যদি আমরা শিক্ষা অর্জন করি। তাহলে সেটা হবে নিজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ চায় তাদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এবং এমন শিক্ষা পায়, যা গ্রহণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তিনি আরো বলেন, পৌরসভার নাগরিক হিসেবে ১৫নং ওয়ার্ড উন্নয়নে পিছিয়ে আছে। তার সাথে লেখাপড়ায়ও পিছিয়ে। বিশেষ করে জিটি রোড উত্তর এলাকায় কর্মসংস্থানে পিছিয়ে থাকা মানুষগুলো দেখলে বুঝা যায় তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে কতটা পিছিয়ে আছে। এ সমাজকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর সেই শিক্ষাটা হবে আদর্শ ও নৈতিকতার শিক্ষা। বর্তমানে চাঁদপুরে কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতা বেড়েছে। আমাদের চাঁদপুরের ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক তিনি কিশোরগ্যাং ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সেটি নিয়ে তিনি কাজও করছেন। জিটি রোড এলাকায় মাওলানা মোঃ আবদুর রহমান গাজী একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন, তার বাবা মায়ের নামে এবং এখানে যেভাবে শিক্ষার মাধ্যমে আলোর পথ ছড়াচ্ছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া শিক্ষার্থীদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে।

মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার মোঃ সুমন খান ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের কামরুল ইসলাম পাটওয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল হক বেপারী।

মাদরাসার শিক্ষক মহিবুর রহমান মহিব্বুলাহর সঞ্চালনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদরাসার শিক্ষক মোঃ রাশেদ হোসেন, মোঃ আঃ ছাত্তার খাঁন ও আব্দুল আলী আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক ( গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, মোঃ মিজানুর রহমান মিজি, মোঃ লোকমান হোসেন তালুকদার, মাদরাসার শিক্ষক মোঃ আবুল খায়ের, মোঃ জসিম উদ্দিন ও বোরহান সাইফ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও কবিতা আবৃতিতে শ্রেণীভিত্তিক অংশ নেন। বিজয়ীদের আগামী ৩০ অক্টোবর শুক্রবার মাদরাসার বার্ষিক মাহফিলে বাদ মাগরিব পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবক সমাবেশ শেষে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন।

ছবির ক্যাপশন।। আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মোশারফ হোসাইন।

শেয়ার করুন