চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভা অনুষ্ঠিত
কামরুল ইসলাম পাটওয়ারী:
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভা গত শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী। এরপর স্বাগত বক্তব্য দেন সভাপতি সোহেল রুশদী এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ, যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব আনা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অসুস্থ অধ্যাপক (অব.) জালাল চৌধুরীর সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহজাহান মিয়া।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “১৯৭০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে আসছে। একি আমাদের মূল শক্তি। মাঠে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে সরকারের নিকট দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, প্রেস ক্লাবের উন্নয়নে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও যুগান্তকারী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দ্বিতীয়বারের মতো বড় পরিসরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প, সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা প্রদান-২০২৬, শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা-২০২৬, একদিনের আনন্দভ্রমণ, পিআইবি ও বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ, ফ্যামিলি ডে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এছাড়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রজেক্টর স্থাপনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
প্রেস ক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয় পরিচালনার দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি ‘ম্যানেজিং কমিটি নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং গত ২৯ অক্টোবর বিদ্যালয়ের সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। উক্ত নীতিমালার আলোকে আগামীতে বিদ্যালয়টি পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সোসাইটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও নেতৃবৃন্দ।
পরিশেষে, প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এবং সফল ও শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন হওয়ায় সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।










