হাজীগঞ্জ বড় মসজিদের সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে বন্ধ নির্মানকাজ
হাজিগন্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আলাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মসজিদের কবরস্থানসংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশে চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় মুসল্লিদের বাধা এবং পুলিশের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।আহমদ আলী (রহ.) ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষের অভিযোগ, সন্ধ্যার দিকে মো. আলাল হোসেন কয়েকজন লোকজন নিয়ে মসজিদের মালিকানাধীন চলাচলের পথের ওপর স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে উপস্থিত মুসল্লিরা বাধা দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।এদিকে ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জে কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মীও ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ, মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা নিরসনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপ-পরিদর্শক আবু আহম্মেদ আপাতত স্থাপনা নির্মাণকাজ বন্ধ রেখে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি উভয় পক্ষকে নিজ নিজ মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার পরামর্শ দেন।অন্যদিকে, মসজিদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন মো. আলাল হোসেন। তিনি বলেন, “এটি মসজিদের সম্পত্তি নয়, আমার নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। আমি আমার জায়গায় স্থাপনা নির্মাণ করব। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সবসময় আমাকে বাধাগ্রস্ত করে আসছে।”এ ঘটনায় মসজিদের সম্পত্তির প্রকৃত মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে জমির মালিকানা ও চলাচলের পথের স্বত্ব নির্ধারণে উভয় পক্ষের প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে এবং ঐতিহাসিক বড় মসজিদের সম্পত্তি ও মুসল্লিদের চলাচলের পথ নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না।










