বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস ও চাঁদপুর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

দিববসগুলোর ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে
—- জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ২৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , এবং চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা ।
সভায় মহান বিজয় দিবসসহ গুরুত্ত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমাদের মহান বিজয় দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং চাঁদপুর মুক্তদিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে । তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দিবসগুলোর কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

শেয়ার করুন