চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান
Writing
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়।
সকালে আয়োজিত র্যালিতে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক। এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির উপযোগী পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।










